Current Date:Mar 16, 2026

অভিষেক টেস্টেই কেভিন ও’ ব্রায়েনের শতরান

স্পোর্টস ডেস্ক : দেশের ও নিজের অভিষেক টেস্টে অনন্য নজির গড়লেন আইরিশ ক্রিকেটার কেভিন ও’ ব্রায়েন। অভিষেকেই টেস্টে সেঞ্চুরি করে ঐতিহাসিক টেস্ট ম্যাচকে আরো গৌরোজ্জ্বল করলেন তিনি।

সোমবার পড়ন্ত বিকেলে আইরিশ অল রাউন্ডারের শতরান আয়ারল্যান্ডের ক্রিকেটকে আরো সমৃদ্ধ করল বলা যায়। ১৮৬ বলে ১০টি বাউন্ডারির সাহায্যে শতরানে পৌঁছেন তিনি।

ও’ ব্রায়েনের দুরন্ত শতরানে ফলো অন করেও পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ে ফিরল আয়ারল্যান্ড। গতকাল চতুর্থ দিন শেষে সাত উইকেটে ৩১৪ রান তুলেছে আয়ারল্যান্ড। ১৩৯ রানের লিড পেয়েছে আইরিশরা। ১১৮ রানে ক্রিজে রয়েছেন ও’ ব্রায়েন এবং ৮ রানে আছেন কেন।

ইতিহাসের সাক্ষী থেকে আবেগঘন হয়ে পড়েন ও’ ব্রায়েন। দিনের শেষে তিনি বলেন, টেস্ট অভিষেক সেঞ্চুরি অবশ্যই স্পেশাল। তার পর কঠিন পরিস্থিতির মধ্যে এই সেঞ্চুরিটা এসেছে। দিনের শেষ ঘণ্টায় আমি ভীষণ ক্লান্ত ছিলাম। আশা করি আগামীকাল আমরা লড়াই চালিয়ে যেতে পারব।

Share