Current Date:Mar 19, 2026

কুশাল মেন্ডিসের ব্যাটে লড়ছে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক : ত্রিনিদাদে সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কুশাল মেন্ডিসের ব্যাটে ভালো কিছুর সম্ভাবনা দেখছে লঙ্কানরা। এ ম্যাচ জিততে হলে শ্রীলঙ্কাকে শেষ দিনে করতে হবে আরও ২৭৭ রান। হাতে রয়েছে ৭ উইকেট।

ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেট হারিয়ে ২২৩ রানে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। শ্রীলঙ্কার সামনে টার্গেট দাঁড়ায় ৪৫৩ রান। জবাবে ব্যাট করতে নেমে চতুর্থ দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১৭৬ রান করেছে সফরকারীরা।

লঙ্কানদের পক্ষে ওপেনার মেন্ডিস দলকে একাই টেনে নেন। দিন শেষে ১৮৬ বল মোকাবেলা করে ৯টি চার ও ২টি ছক্কায় ৯৪ করে অপরাজিত আছেন তিনি। এছাড়া ৩১ রান করে বিদায় নেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। ১৫ রান করা অধিনায়ক দিনেশ চান্দিমাল রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন।

ক্যারিবীয় বোলারদের মধ্যে একটি করে উইকেট পান শেনন গ্যাব্রিয়েল, জেসন হোল্ডার ও দেবেন্দ্র বিশু।

এর আগে ক্যারিবীয়রা নিজেদের প্রথম ইনিংসে ৪১৪ রানে ইনিংস ঘোষণা করেছিল। জবাবে মাত্র ১৮৫ রানে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে গুটিয়ে যায়।

Share