জেলা প্রতিনিধি:
জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল রেল গেট এলাকায় বাস-ট্রেনের সংঘর্ষে নিহত হয়েছেন ১২ জন ও আহত হয়েছেন আরও তিনজন। শনিবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে জয়পুরহাট ও পাঁচবিবি ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা হতাহতদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেছে।
নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- বাস চালক সদর উপজেলার হারাইল গ্রামের মামুনুর রশিদ, হিচমী গ্রামের মানিকের ছেলে রমজান, পাঁচবিবি উপজেলার আটুল গ্রামের সরোয়ার হোসেন, আরিফুর রহমান রাব্বি, আক্কেলপুর উপজেলার চকবিলা গ্রামের দুদু কাজীর ছেলে সাজু মিয়া ও নওগাঁর রানী নগর উপজেলার বিজয়কান্দি গ্রামের বাবু।
জয়পুরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের আবাসিক চিকিৎসক সাইফুল ইসলাম জানান, ১০ জনের লাশ মর্গে আছে। আহত পাঁচজনকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল হাসপাতালে স্থানান্তর করার পথে দুইজনের মৃত্যু হয়েছে।
পাবর্তীপুর রেললাইনের পুলিশ সুপার সিদ্দীকি তানজিলুর রহমান বলেন, গেটম্যান না থাকার কারণে এ ঘটনা ঘটেছে তবে তদন্ত করার পর আসল ঘটনা জানা যাবে।


