Current date Jul 16, 2026
বাংলাদেশ

রাস্তা খুঁড়তে যেন বৃষ্টির অপেক্ষা!

URL copied
Share URL copied

ডেস্ক রিপোর্ট : ঢাকা: ছোটবেলায় দেখতাম আমন রোপণের জন্য বৃষ্টির অপেক্ষায় থাকতেন কৃষকরা। আর এখন দেখি ঢাকায় রাস্তা খোঁড়াখুঁড়ির জন্য বৃষ্টির অপেক্ষায় বসে থাকেন যেন সংশ্লিষ্টরা। মে’র প্রথম সপ্তাহে যেদিন থেকে টানা বৃষ্টি শুরু হয়েছে, ঠিক সেই দিনে আগারগাঁও থেকে ফার্মগেট পর্যন্ত রাস্তা কাটা শুরু করেছে ডিপিডিসি (ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি)। সারাবছর তারা যেন সময় করে উঠতে পারেনি।

বর্ষা মৌসুমে খোঁড়াখুঁড়ি নিয়ে এমন ক্ষোভ প্রকাশ করলেন ফার্মগেট এলাকার বাসিন্দা মাসুম শেখ। রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে তার এই ক্ষোভেরই যেন যৌক্তিকতা খুঁজে পাওয়া যায়। রাজধানীর দক্ষিণাঞ্চল ও নারায়ণগঞ্জের বিদ্যুৎ বিতরণের দায়িত্বে থাকা ডিপিডিসি কাজ করছে ১৩২ কেভি আন্ডারগ্রাউন্ড ক্যাবল স্থাপনের জন্য। তারই অংশ হিসেবে ফুটপাতঘেঁষে রাস্তা খোঁড়া শুরু করেছে তারা। ব্যস্ত সড়কটিতে করে রাখা হয়েছে বিশাল গর্ত। মাটি তুলে রাস্তার ওপর ফেলে রাখায় সৃষ্টি হয়েছে বিদঘুটে পরিস্থিতির।

মাসুম শেখ বলছিলেন, বৃষ্টির পানিতে পুরো রাস্তায় কাদায় একাকার হয়ে যায়। আবার রোদের সময় ধুলায় অন্ধকার হয়ে থাকে। রাস্তা সংকুচিত হয়ে পড়ায় যানজট লেগেই থাকছে সারাক্ষণ। অথচ এই কাজটি বর্ষায় না করে আগে করে নেওয়া যেতো, তাহলে এতটা দুর্ভোগ বাড়তো না।।

ডিপিডিসির এ ধরনের কর্মকাণ্ড গত বছরও দেখা গেছে রামপুরা এলাকায়। ঠিক বর্ষা মৌসুমে তারা রাস্তা কেটে আন্ডারগ্রাউন্ড ক্যাবল স্থাপনের কাজ করে। আবার তাদের কাজের গতিও মন্থর থাকার অভিযোগ রয়েছে। এমনকি রাস্তা কেটে রেখে যায়, তারপর আর তাদের দেখা মেলে না বলেও ক্ষোভ আছে বাসিন্দাদের।

শুধু যে ডিপিডিসি, তা নয়, অন্যান্য ইউটিলিটিও বর্ষা মৌসুম এলেই খোঁড়াখুঁড়ি শুরু করে দেয়। ১০ মে রূপনগর প্রধান সড়কে কাজ শুরু করেছে ওয়াসা। রাস্তার ওপর বিশাল বিশাল রিং ফেলে রেখেছে তারা। মাঝে মাঝে গর্ত করে তৈরি করেছে ভোগান্তির পরিস্থিতি। যানবাহন চলাচল দূরের কথা, রাস্তায় হেঁটে চলাই দায়। রূপনগরের বাসিন্দা কামরুল হাসান বলেন, কাজের কোনও ভাবগতি বুঝতে পারছি না। রাস্তার মাঝে বিশাল গর্ত করে রেখে গেছে বেশ ক’দিন আগে। এখন দেখি রাস্তার ওপর বিশাল বিশাল রিং ফেলে রাস্তা বন্ধ করে রেখে গেছে। এতে রাস্তা অর্ধেক বন্ধ হয়ে গেছে। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত যানজট লেগেই থাকছে। তাছাড়া, রূপনগর এলাকার প্রধান সড়কের পাশেই রয়েছে বেশ ক’টি শিক্ষা প্রতিষ্ঠান। ফুটপাতও স্থায়ীভাবে দখলদারদের কবলে। সেজন্য পথচারীদেরও হাঁটার সুযোগ নেই।

বর্ষায় খোঁড়াখুঁড়ি নিয়ে অনেকদিন ধরেই সমালোচনা চলছে। কিন্তু ঠিক যখন মে-জুনে ভরা বর্ষা শুরু হয়, তখনই শুরু হয় খোঁড়াখুঁড়ি। সামালোচনা-নিন্দা, কিছুই যেন ছুঁতে পারে না ইউটিলিটিগুলোকে। সেজন্য তাদের বক্তব্য, আগে-ভাগে বরাদ্দ পাওয়া যায় না। যে কারণে কাজ করানো যায় না। তাদের সুপারিশ হচ্ছে অর্থবছর এগিয়ে আনা। ভারতের মতো মার্চ-ফেব্রুয়ারি করা গেলে এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। নতুবা সম্ভব নয়।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমানের বক্তব্য, বাজেট হয় জুনে, সেপ্টেম্বরের মধ্যে প্ল্যানিং করে কাজে নেমে গেলেই এই সমস্যা হওয়ার কথা নয়।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

দেশের ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

নিউজ ডেস্ক দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া...

Lead Newsবাংলাদেশ

সারাদেশের ন্যায় মুকসুদপুর ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি সারাদেশে ৭০০+ ওয়ালটন প্লাজায় একযোগে ২৪ জুন বুধবার ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় ওয়ালটন প্লাজা...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে আ.লীগ সভাপতি বালা মিয়ার পদত্যাগ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের কাশালিয়া গ্রামের বাসিন্দা মো: বালা মিয়া শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ২৩ জুন বিকাল...