Current date Sep 7, 2026
খেলা

সাকিবরা এই দলের কাছেই পাত্তা পেলেন না

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক: এত দিনে একটাই ম্যাচ হয়েছিল দুই দেশের মধ্যে। বিশ্বকাপের সেই খেলায় আফগানিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। দেরাদুনের আনকোরা মাঠের আনকোরা পিচে প্রস্তুতি ম্যাচ শেষ হওয়ার পরে মনে হচ্ছে, বাঙালিদের ‘আমরা হেলায় নাগেরে খেলাই’-এর দিন বোধ হয় শেষ। ১৬ বল বাকি থাকতে মাত্র ২ উইকেট হারিয়ে আফগানরা শুক্রবার রাতে যেভাবে বুক ফুলিয়ে মাঠ ছাড়ল, তাতে মনে হলো তাদের গর্বের চেয়েও বাঙালিদের লজ্জা যেন বেশি।

লজ্জাই বটে। মোসাদ্দেক হোসেনের ২২ বলে ৩৮ বাংলাদেশিদের করা সর্বোচ্চ স্কোর। দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার মুশফিকুর, ৩২ বলে ২৭। স্পিনারকে রিভার্স সুইপ করাটা বোধ হয় তাঁর খুবই পছন্দের শট। জিয়াইর রহমান যে মানের স্পিনারই হোন না কেন, তিনি রশিদ খান কিংবা মুজিবুর রহমান নন। তাঁকে তিন তিনবার রিভার্স সুইপ করতে গিয়ে ফস্কেছেন মুশফিকুর। চতুর্থবার ধরা পড়লেন শর্ট থার্ডম্যানে। রশিদ বা মুজিবুর কেউই শুক্রবার মাঠে নামেননি। তাঁদের আস্তিনে লুকিয়ে রেখেই আফগানরা সাকিব আল হাসানদের কপালে গভীরতর করে তুলল চিন্তার ভাঁজ।

সৌম্য আউট হলেন মাত্র ২ রানে। এগারো মিনিট মাঠে থেকে পাঁচটি বল খেলে মোহাম্মদ নবির নিরীহ ছোবলে তেকাঠি ফাঁক করে ফেললেন। কী যে হয়েছে তাঁর তিনিই জানেন! বোর্ডের খোরপোশ হারানোর সঙ্গে সঙ্গে হয়তো হারিয়ে ফেলেছেন নিজের প্রতি বিশ্বাসও। লিটন কট বিহাইন্ড হলেন এটা জেনেও যে ফরিদ মোহাম্মদ একজনকে স্লিপে মজুত রেখেছেন। মাহমুদউল্লাহ ও সাব্বির রহমান কিছুটা আশা জাগিয়েছিলেন বটে। কিন্তু অতি ক্ষণস্থায়ী। ৬ উইকেটে ১৪৫ আর যাই হোক সম্মানজনক আয়োজন মোটেই নয়।

আফগানদের লক্ষ্য ছিল ১৪৬। প্রথম ওভারেই আবু জায়েদ রাহি একজনকে তুলে নিলেন। পঞ্চম ওভারে রনি তুললেন আরও একজনকে। ২২ রানে ২ উইকেট থেকে হজরতউল্লা জেজাই ও মোহাম্মদ নবি যে ১৪৭ করে ফেলবেন, দশম ওভারেও তার ছিটেফোঁটা ইঙ্গিত কিন্তু ছিল না। হঠাৎই শুরু চরম আগ্রাসন। এতক্ষণ নিজেকে গুটিয়ে রাখা অধিনায়ক সাকিব ১৪ তম ওভারে প্রথমবারের মতো হাত ঘোরাতে এলেন। কিন্তু সমীহ তো দূরের কথা, দুই আফগান তাঁকে তাচ্ছিল্যই করলেন।

টি-২০তে তাঁরা কেন বাংলাদেশের চেয়ে দু ধাপ ওপরে, শুক্রবার রাতে দেরাদুনের প্রস্তুতি ম্যাচে আফগানরা সেটা বুঝিয়ে দিল। এই দাপট চূর্ণ করতে গেলে যে পরিক্রম প্রয়োজন, অহংবোধে ঘা খাওয়া বাঙালিরা রোববারে তা করতে পারবে কি না সেদিকে আগ্রহ নিয়ে তাকিয়ে থাকতে হবে। তামিম ইকবাল দলে যোগ দিচ্ছেন শনিবার। তাঁর আগমন সৌভাগ্য বয়ে আনুক এই প্রার্থনায় কোর্টনি ওয়ালশের শিষ্যরা শনিবারের সকাল দেখবে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...