Current date Sep 8, 2026
Lead News

শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসায় বিদেশি রাষ্ট্রদূত – কূটনীতিকরা

URL copied
Share URL copied

 

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন বিদেশি রাষ্ট্রদূত ও কূটনীতিকরা। তারা বলেছেন, শেখ হাসিনা যে অগ্রযাত্রার সূচনা করেছেন তাতে অচিরেই বাংলাদেশ সোনার বাংলায় পরিণত হবে।

শনিবার ‘শেখ হাসিনার নেতৃত্ব ও বাংলাদেশের এগিয়ে যাওয়া’ শিরোনামে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটি আয়োজিত এক ওয়েবিনারে তারা এ অভিমত দেন।

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার বিশ্বজিৎ দে শেখ হাসিনার জন্মদিনে নরেন্দ্র মোদির পাঠানো শুভেচ্ছাবার্তাকে উদ্ধৃত করে গত ১০ বছরে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন। করোনার মধ্যেই বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রশংসনীয় বলে মন্তব্য করেন তিনি। এ সময় শেখ হাসিনার অধীনে বাংলাদেশ-ভারতের মধ্যকার সম্পর্ককে ‘সোনালি অধ্যায়’ হিসেবে বর্ণনা করে দুই দেশের উন্নয়নমূলক এই সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তুর্কি রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান বলেন, শেখ হাসিনা তার রাজনৈতিক জীবনে অনেক বাধার সম্মুখীন হয়েছেন। তব সব বাধা পেরিয়ে বর্তমানে বিশ্বে ও বাংলাদেশে নারী নেতৃত্বের রোল মডেল হয়ে উঠেছেন। তিনি জানান, কোটি মানুষকে শেখ হাসিনা দারিদ্র্য থেকে মুক্তি দিয়েছেন এবং নারীর ক্ষমতায়নে নতুন মাত্রা অর্জন করেছেন। তার নেতৃত্বে বাংলাদেশের সঙ্গে তুরস্কের সম্পর্ক আরও দৃঢ় হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের কর্মকর্তা আব্দুল্লাহ আল হামিদি নিজ দেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে স্থিতিশীলতা এসেছে এবং উন্নয়নের পথে হাঁটছে বাংলাদেশ।

জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি জীবনমানের নিরাপত্তা প্রদানে শেখ হাসিনাকে ‘চ্যাম্পিয়ন’ হিসেবে অ্যাখ্যায়িত করেন। তিনি বলেন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠনে নিরলস কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা। তিনি মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল। ২০১৪ সালে প্রধানমন্ত্রীর সর্বশেষ জাপান সফরের কথা স্মরণ করে তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ-জাপান সম্পর্ক অন্য উচ্চতায় পৌঁছেছে। শেখ হাসিনার ভিশন ২০৪১ লক্ষ্যমাত্রা অর্জনে জাপান অবকাঠামো উন্নয়নে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনজে তিরিঙ্ক বাংলাদেশে রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। সেইসঙ্গে জাতিসংঘের অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রশংসা করেন তিনি।

বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো বলেন, বাংলাদেশের প্রতিটি বিষয় এবং দেশের প্রতিটি এলাকা সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে খোঁজ রাখেন এবং সব সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করেন, তা সত্যিই বিরল। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস কাজের প্রশংসা করে তিনি বলেন, নিয়মানুবর্তিতা ও কঠোর পরিশ্রমের রোল মডেল তিনি।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির চেয়ারম্যান মোহাম্মদ জমির, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সম্পাদক শাম্মী আহমেদ এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...