Current date Sep 14, 2026
বাংলাদেশ

দুর্নীতিতে বিশ্বে ১৩তম বাংলাদেশ

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

বিশ্বের ১৮০টি দেশের মধ্যে ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত’ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩তম বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই)।

বার্লিনভিত্তিক দুর্নীতিবিরোধী এই সংস্থার প্রকাশ করা ‘দুর্নীতির ধারণা সূচক (সিপিআই)’-এ এই তথ্য উঠে এসেছে।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) বেলা ১১টায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

গতবার (২০২০ সালের পরিস্থিতি বিবেচনায়) এই তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১২তম। এবার বাংলাদেশের ১ ধাপ উন্নতি হয়েছে, তাতে অধঃক্রম (খারাপ থেকে ভালো) অনুযায়ী ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত’ দেশের তালিকায় অবস্থান দাঁড়িয়েছে ১৩তম। তবে স্কোর গতবারের মতোই ২৬ রয়েছে। টানা তিন বছর এই স্কোরে আটকে আছে বাংলাদেশ। এবার বাংলাদেশের সমান স্কোর করেছে মাদাগাস্কার ও মোজাম্বিক।

বিশ্বের ১৮০টি দেশ ও অঞ্চলের ২০২১ সালের পরিস্থিতি বিবেচনায় নিয়ে তৈরি করা এই সূচকে বাংলাদেশের অবস্থান ঊর্ধ্বক্রম অনুযায়ী (ভালো থেকে খারাপ) ১৪৭ নম্বরে।

বাংলাদেশের এই অবস্থানকে খুবই হতাশাজনক বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি জানান, বাংলাদেশের ক্ষেত্রে ৮টি জরিপের ফলাফল থেকে সূচকটি নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, করোনাকালে দুর্নীতির ব্যাপকতা দেখা গেছে। বিশেষ করে বিগত দিনে স্বাস্থ্য খাতে খুবই খারাপ নজির দেখতে পেয়েছি। দুর্নীতিবাজরা ক্ষমতাকে নিজেদের সম্পদ গড়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। ফলে দুর্নীতি প্রতিরোধের কোনো সুফল মেলেনি। হাইপ্রোফাইল ব্যক্তিদের শাস্তির মুখোমুখি করা যাচ্ছে না। তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। দুদকও সেক্ষেত্রে ব্যর্থ হচ্ছে। মিডিয়া এবং সুশীল সমাজের মত প্রকাশের স্বাধীনতা সংকোচিত হচ্ছে। গত দুই বছর এই প্রবণতা বেড়েছে। ফলে দুর্নীতি প্রতিরোধে জনগণের অংশগ্রহণ কমেছে। তাই দুর্নীতির সূচকে আমরা পিছিয়ে যাচ্ছি।

দুর্নীতি দমনে রাজনৈতিক অঙ্গীকার থাকা সত্ত্বেও তা বাস্তবায়ন হয় না উল্লেখ করে ইফতেখারুজ্জামান বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো অকার্যকর এবং প্রশাসনিক কর্মকাণ্ডকে রাজনীতিকরণ করা হচ্ছে। শুধুমাত্র চার বছরের হিসাবে নয়, বিগত ১০ বছরের পরিসংখ্যান বিবেচনা করলে বাংলাদেশের অবস্থান খুবই হতাশাজনক। আমরা একই জায়গায় অবস্থান করছি। এটা বিব্রতকর ও উদ্বেগজনক।

প্রসঙ্গত, ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত টানা ৫ বছর বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে টিআই প্রতিবেদনে তালিকাভুক্ত হয়েছিল বাংলাদেশ। পরে ধীরে ধীরে বাংলাদেশের অবস্থার উন্নতি হতে থাকে।

সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক, ফিনল্যান্ড ও নিউজিল্যান্ড

২০২১ সালের পরিস্থিতি বিবেচনায় এবার সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকার যৌথভাবে শীর্ষে রয়েছে ডেনমার্ক, ফিনল্যান্ড ও নিউজিল্যান্ড। দুর্নীতির ধারণা সূচকের (সিপিআই) ১০০ স্কোরের মধ্যে এই তিনটি দেশ পেয়েছে ৮৮ করে।

কম দুর্নীতিগ্রস্থ ১০টি দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে নরওয়ে, সিঙ্গাপুর ও সুইডেন; এই তিনটি দেশেরই স্কোর ৮৫। আর ৮৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ‍সুইজারল্যান্ড।

এরপর চতুর্থ অবস্থানে রয়েছে নেদারল্যান্ড (স্কোর ৮২), পঞ্চম লুক্সেমবার্গ (৮১), ষষ্ঠ জার্মানি (স্কোর ৮০), সপ্তম যুক্তরাজ্য (স্কোর ৭৮) ও অষ্টম স্থানে রয়েছে হংকং (৭৬)।

৭৪ স্কোর নিয়ে যৌথভাবে নবম স্থানে আছে কানাডা, আয়ারল্যান্ড, এস্তোনিয়া ও অস্ট্রিয়া। যৌথভাবে দশম স্থানে আছে ৭৩ স্কোর নিয়ে অস্ট্রেলিয়া, বেলজিয়াম, জাপান ও উরুগুয়ে। আর এবারও সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ হয়েছে দক্ষিণ সুদান।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...