Current date Sep 12, 2026
বাংলাদেশ

ঢাকায় নতুন বাসভাড়া আদায়ে যা যা মানতে হবে

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

পুনর্নির্ধারিত বাসভাড়া আদায়ে কয়েকটি বিষয় মানতে হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

বুধবার (১০ আগস্ট) ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির দপ্তর সম্পাদক সোমদানী খন্দকারের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বিআরটিএর পুনর্নির্ধারিত বাস ভাড়া কার্যকর করাসহ সাংগঠনিক বিষয়ে আলোচনা করার জন্য ৮ আগস্ট বিকেলে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।

সভায় ঢাকার প্রায় ১২০টি পরিবহন কোম্পানির চেয়ারম্যান ও এমডি এবং সব রুট মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্তগুলো হলো-

১. বিআরটিএর চার্ট অনুযায়ী ভাড়া আদায় করতে হবে- চার্টের বাইরে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। প্রতিটি গাড়িতে দৃশ্যমান স্থানে ভাড়ার চার্ট অবশ্যই টানিয়ে রাখতে হবে।

২. কোনো পরিবহনের গাড়িতে বিআরটিএর পুনঃনির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া যাতে আদায় না করা হয়, সে বিষয়ে সভায় মালিকদের সমন্বয়ে ৯টি ভিজিলেন্স টিম গঠন করা হয়। এসব টিম বিআরটিএর ম্যাজিস্ট্রেটদের সঙ্গে থেকে সব অনিয়ম তদারকিসহ আইনানুগ ব্যবস্থা নেবে।

৩. ঢাকা শহর ও শহরতলী রুটে চলাচলকারী গাড়ির ওয়েবিলে কোনো স্ল্যাব থাকবে না। রাস্তায় কোনো চেকার থাকবে না। এক স্টপেজ থেকে আরেক স্টপেজ পর্যন্ত গাড়ির দরজা বন্ধ থাকবে, খোলা রাখা যাবে না। রুট পারমিটের স্টপেজ অনুযায়ী গাড়ি থামাতে হবে।

এ সিদ্ধান্ত ১০ আগস্ট থেকে কার্যকর হবে। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ না হওয়া পর্যন্ত ভিজিল্যান্স টিমের কার্যক্রম চলমান থাকবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে, জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণে বাসমালিকদের দাবির মুখে বাসভাড়া বাড়ায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। ৭ আগস্ট থেকে নতুন এ ভাড়া কার্যকর হয়।

বিআরটিএর সিদ্ধান্ত অনুযায়ী দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারের জন্য যাত্রীপ্রতি ভাড়া ৪০ পয়সা বাড়িয়ে ২ টাকা ২০ পয়সা নির্ধারণ করা হয়। আর মহানগরে প্রতি কিলোমিটারের জন্য ৩৫ পয়সা বাড়িয়ে ২ টাকা ৫০ পয়সা ঠিক করা হয়। এ ছাড়া বাসে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয় ১০ টাকা আর মিনিবাসে ৮ টাকা।

৬ আগস্ট রাজধানীর বনানীর বিআরটিএর চেয়ারম্যান কার্যালয়ে পরিবহন খাতের নেতা ও বাস মালিকদের সঙ্গে বৈঠক শেষে এসব বিষয়ে জানান বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের...

Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...