Current date Nov 24, 2026
Lead Newsরাজনীতি

শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কোন বিমানে আসবেন পরের বিষয়

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত চায় সরকার। তিনি বাংলাদেশ বিমানে আসবেন, নাকি অন্য কোনো বিমানে আসবেন, সেটি পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে। তাকে দেশে ফিরিয়ে এনে মানবতাবিরোধী অপরাধের দায়ে দেওয়া মৃত্যুদণ্ড কার্যকরের জন্য সরকার অপেক্ষা করছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনার বাংলাদেশে ফেরার বিষয়ে ভারতের বিভিন্ন মহলের বক্তব্য এবং তাকে বাংলাদেশ বিমানে আনার প্রসঙ্গে জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, আমরা তাকে চাই। তিনি বাংলাদেশ বিমানে আসবেন, নাকি অন্য কোনো বিমানে আসবেন, সেটা বড় কথা নয়। আমরা তাকে চাই। তাকে প্রত্যর্পণ করা হবে।

তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হয়ে শেখ হাসিনা মৃত্যুদণ্ড পেয়েছেন। ন্যায়বিচার নিশ্চিত করার স্বার্থে বাংলাদেশ সেই দণ্ড কার্যকরের জন্য অপেক্ষা করছে। তিনি যে রাষ্ট্রে পালিয়ে আছেন, সেই রাষ্ট্রের কাছে তাকে বাংলাদেশে হস্তান্তরের আবেদন জানানো হয়েছে। হস্তান্তর করা হলে তিনি কীভাবে দেশে আসবেন, সেটি পরবর্তী সময়ে নির্ধারিত হবে।

ভারতের অপতথ্য প্রচার নিয়ে উদ্বেগ
নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগ ও নির্যাতনের অভিযোগ এবং এ নিয়ে ভারতের গণমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর ব্যাপক হত্যা ও নির্যাতনের ঘটনা ঘটছে এমন নানা ধরনের অপতথ্য প্রচার ৫ আগস্টের পর থেকেই ভারতের মূলধারার গণমাধ্যমে দেখা যাচ্ছে।

তিনি বলেন, নড়াইলের ঘটনা নিয়ে বাংলাদেশের সংবাদমাধ্যমেও খবর প্রকাশিত হয়েছে। সেখানে হিন্দু সম্প্রদায়ের মানুষের বসবাসের কোনো এলাকায় ব্যাপক অগ্নিসংযোগের যে চিত্র প্রচার করা হচ্ছে, বাস্তবে তেমন কোনো পরিস্থিতি নেই। বিষয়টি নিয়ে ভারতে মারাত্মক অপতথ্য প্রচার অভিযান চলছে।

জাহেদ উর রহমান বলেন, আমরা ভারত সরকার ও সেখানকার গণমাধ্যমের প্রতি আহ্বান জানাচ্ছি, এ ধরনের অপতথ্য প্রচার থেকে বিরত থাকুন। দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক হওয়া উচিত। এ ধরনের অপতথ্য প্রচার দুই দেশের সম্পর্কের মধ্যে সমস্যা ও জটিলতা আরও বাড়াতে পারে।

তিনি আরও বলেন, ৫ আগস্টের পর এবং বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বাংলাদেশের প্রত্যাশা, দুই দেশের স্বার্থ নিশ্চিত করে ভারতের সঙ্গে কার্যকর যোগাযোগ ও সম্পৃক্ততা বজায় রাখা। এ ক্ষেত্রে ভারতের কোনো নিয়ন্ত্রক সংস্থা থাকলে তাদেরও বিষয়গুলো খতিয়ে দেখার আহ্বান জানান তিনি।

নড়াইলে আওয়ামী লীগ সমর্থকদের বাড়িঘরে হামলার প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, সেখানে আওয়ামী লীগ সমর্থন করেন এমন কিছু মানুষের বাড়িঘরেও হামলা হয়েছে। এসব ঘটনা ফৌজদারি অপরাধ। যারা এসব ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে সরকার নিশ্চয়ই ব্যবস্থা নেবে।

ডিসেম্বরে সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক বিজিবি
ডিসেম্বরকে কেন্দ্র করে সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সতর্কতা জারি ও অতিরিক্ত সদস্য মোতায়েনের বিষয়ে জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, সীমান্তে যে কোনো ধরনের অনুপ্রবেশ ঠেকানো বিজিবির নিয়মিত দায়িত্ব। তবে ডিসেম্বর নিয়ে এক ধরনের আলোচনা থাকায় বিষয়টিতে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা, ৫০ পুলিশ সদস্য আহত

উপজেলা প্রতিনিধি ঢাকার সাভারের আশুলিয়ার শিল্পাঞ্চলে শ্রমিক বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত পুলিশের প্রায় ৫০ জন সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (৩...

Lead Newsবাংলাদেশ

গার্মেন্টস খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা কঠোর হস্তে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক গার্মেন্টস খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা কঠোর হস্তে দমন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে কোনো...

Lead Newsবাংলাদেশ

গ্রীষ্মের আগেই গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে নিজস্ব উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনে স্বনির্ভরতা অর্জনের ওপর জোর দিচ্ছে সরকার। আগামী গ্রীষ্ম মৌসুম শুরুর...