Current date Sep 6, 2026
বাংলাদেশ

আজিমপুরে বাবা-ভাইয়ের আঘাতে মাদকাসক্ত যুবক নিহত

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর আজিমপুরে নিউ পল্টন এলাকার একটি বাসায় মঙ্গলবার রাতে বাবা ও ভাইয়ের ছুরিকাঘাতে শাহীন ইসলাম (২৫) নামের মাদকাসক্ত এক যুবক খুন হয়েছে।

এ ঘটনার শাহীনের ভাই সাইফুল ইসলাম শুভকে গ্রেফতার করেছে পুলিশ। পরিবারের বরাত দিয়ে পুলিশ বলছে শাহীন মাদকাসক্ত ছিল।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র বলেছে, লালবাগ থানাধীন আজিমপুর ৪১ নিউ পল্টনের ১১তলা বাড়ির পঞ্চম তলার ফ্ল্যাটটি শাহীনের বাবা নুর ইসলামের।

মঙ্গলবার রাত সাড়ে ১০টায় নেশার টাকার জন্য ওই ফ্ল্যাটে গিয়ে বাবা-ভাইয়ের উপর চড়াও হয় শাহীন। ঝগড়াঝাটির এক পর্যায়ে তারা বাসার নীচে নেমে আসেন। সেখানেও বাবা-ভাইয়ের সঙ্গে শাহীনের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে বাবা ও ভাইয়ের ছুরিকাঘাতে গুরুতর আহত হয় শাহীন।

পরে ছোট ভাই সাইফুল ইসলাম শুভ তাকে রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহীনকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল সূত্র জানিয়েছে, শাহীনের বুকে তিনটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

শাহীনের এক প্রতিবেশী জানান, শাহীনের বাবা নুর ইসলাম গাউছিয়া মার্কেটের ফুটপাতে জুতার ব্যবসা করেন। তার দুই ছেলে এক মেয়ের মধ্যে শাহীন বড়। সে দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকে আসক্ত ছিল। নেশার টাকা না পেলেই সে পরিবারের লোকজনের উপর চড়াও হতো।

শাহীনকে নেশা ছাড়াতে একাধিকবার মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়েছে। গত দুই মাস আগেও তাকে একটি মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়। এক সপ্তাহ আগে সে আর মাদক সেবন করবে না মর্মে পরিবারের লোকজনের কাছে ওয়াদা করে। এরপর তাকে সেখান থেকে নিয়ে আসা হয়।

কিন্তু এসেই সে আবার মাদকের পিছনে ছুটে। নেশার টাকার জন্য উৎপাত শুরু করে। সে নেশার টাকার জন্য তার স্ত্রী আছমা আক্তারের উপর অত্যাচার শুরু করে। তার অত্যাচার সইতে না পেরে গত তিন দিন আগে স্ত্রী আছমা ছেলে আয়াত ও মেয়ে সাফাকে নিয়ে বাপের বাড়ি চলে যান।

মঙ্গলবার রাতে নেশার টাকার জন্য বাক-বিতন্ডার একপর্যায়ে বাবা ভাইয়ের ছুরিকাঘাতে মারা যায় শাহীন।

এদিকে হাসপাতাল সূত্র বলেছে, সাইফুল হাসপাতালে এসে দাবি করেন শাহীন সড়ক দুর্ঘটনায় মারা গেছে। এ সময় হাসপাতালে আসা সাইফুলের শ্যালক রিমন হোসেন বলেন, শাহীনকে তার বাবা ও ভাই মিলে ছুরিকাঘাত করে হত্যা করেছে। এ সময় হাসপাতাল থেকে পুলিশ সাইফুলকে আটক করে।

লালবাগ থানার ওসি শুভাষ কুমার পাল বলেন, শাহীন মাদকাসক্ত ছিলেন। হত্যার অভিযোগে তার ভাই সাইফুলকে গ্রেফতার করা হয়েছে। এখন শাহীনের বাবাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...