Current date Sep 6, 2026
বিনোদন

অমিতাভের ছবির নায়ক শাকিব

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : ‘আয়নাবাজি’ ছবির সাফল্যের পর গত বছর অক্টোবরে নতুন ছবির ঘোষণা দেন পরিচালক অমিতাভ রেজা চৌধুরী। তাঁর এবারের ছবি ‘রিকশা গার্ল’। এরই মধ্যে ছবির নায়িকা চরিত্রের জন্য ২০ বছর বয়সী একজন তরুণীকে চূড়ান্ত করা হয়েছে। কিন্তু তাঁর নাম এখনই ঘোষণা করতে চান না পরিচালক। এবার জানা গেছে, এই ছবির বড় চমক হলো তাতে অভিনয় করবেন জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। আজ রোববার দুপুরে প্রথম আলোকে তা জানালেন অমিতাভ রেজা চৌধুরী।

‘রিকশা গার্ল’ ছবির গল্প নারীর ক্ষমতায়ন নিয়ে। এখানে ‘রিকশা গার্ল’ চরিত্রের নাম নাইমা। পরিবারের পাশে দাঁড়ানোর জন্য মেয়েটি অভিনব পদ্ধতি অবলম্বন করে। পুরুষের বেশে অসুস্থ বাবার রিকশা নিয়ে রাস্তায় বের হন। এক দুর্ঘটনায় বাবার প্রিয় রিকশাটি ভেঙে যায়। রিকশার ভেঙে যাওয়া অংশ ঠিক করতে শুরু হয় নাইমার নতুন সংগ্রাম। এভাবেই ‘রিকশা গার্ল’ ছবিতে নাইমা চরিত্রের সংগ্রামের কাহিনি তুলে ধরা হবে।

জানা গেছে, ‘রিকশা গার্ল’ ছবিতে শাকিব খানকে দেশের জনপ্রিয় নায়ক হিসেবেই দেখানো হবে। অমিতাভ রেজা চৌধুরী বলেন, ‘দেশের মানুষের কাছে শাকিব খান যেমন, ঠিক সেভাবেই আমরা তাঁকে পর্দায় উপস্থাপন করব। তবে এটি কোনোভাবেই অতিথি চরিত্র নয়।’

ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখিকা মিতালি পারকিনসের কিশোর সাহিত্য ‘রিকশা গার্ল’ বইটি ২০০৭ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সর্বাধিক বিক্রির তালিকার শীর্ষে ছিল। নিজের নতুন ছবির জন্য এই উপন্যাস বেছে নেন অমিতাভ রেজা চৌধুরী। ছবির চিত্রনাট্য লিখেছেন শর্বরী জোহরা আহমেদ। প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত জনপ্রিয় টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র চিত্রনাট্যকারদের একজন তিনি। ছবিটি প্রযোজনা করবেন মার্কিন প্রযোজক এরিক জে অ্যাডামস। ‘রিকশা গার্ল’ ছবির মাধ্যমে রিকশা পেইন্টিংয়ের ঐতিহ্য আর ধারণাকে তুলে ধরা হবে। ছবিতে থাকবে অ্যানিমেশনও।

অমিতাভ রেজা চৌধুরী বলেন, ‘ছবির নাম “রিকশা গার্ল” হলেও শাকিব খানের চরিত্রটি খুব গুরুত্বপূর্ণ। তাঁকে আমরা যেমন চলচ্চিত্রের হিরো হিসেবে দেখি, এখানেও সেভাবেই দেখব। শাকিব খান ছবিতে অভিনয় করতে আগ্রহী হয়েছেন, তাতেই আমি অনেক খুশি। এই চরিত্র নিয়ে তিনি নিজেও বেশ উচ্ছ্বসিত। শাকিব খানকে একেবারে অন্যভাবে উপস্থাপন করব, যা দেখে দর্শক চমকে যাবেন। আপাতত এর বেশি কিছু বলতে চাই না।’

শাকিব খানের সঙ্গে চুক্তি হয়েছে? অমিতাভ রেজা চৌধুরী বলেন, ‘প্রাথমিক আলোচনা হয়েছে। গল্প শুনে তিনি কাজটি করতে রাজি হয়েছে। কাগজে-কলমে আগস্ট মাসে চুক্তি হবে। শুটিংয়ের জন্য অক্টোবর-নভেম্বরে একটা শিডিউল ঠিক করে রেখেছি, এখন দেখা যাক। নির্বাচন আর দেশের সার্বিক পরিস্থিতির ওপর বাকিটা নির্ভর করছে। তবে আমি শুটিংয়ের জন্য পুরোপুরি প্রস্তুত।’

এরপর কথা হয় শাকিব খানের সঙ্গে। প্রথম আলোকে তিনি বলেন, ‘এফডিসির শুটিং স্পটে অমিতাভ রেজা চৌধুরী এসেছিলেন। তখন তাঁর সঙ্গে কথা হয়েছে। তিনি মনে করছেন, ছবিতে আমি থাকলে ভালো হবে। গল্পটা শোনার পর আমারও ভালো লেগেছে। মনে হলো, অন্য রকম কিছু হবে। পর্দায় আমাকে উপস্থাপনের ভাবনা শুনে মুগ্ধ হয়েছি। তাই মৌখিকভাবে সম্মতি দিয়েছি।’

এদিকে শাকিব খানকে নিয়ে ‘রিকশা গার্ল’ বানানোর পাশাপাশি অমিতাভ রেজা চৌধুরীর নতুন আরেকটি ছবির নাম শোনা যাচ্ছে। এই ছবির নাম ‘পুনরুজ্জীবন’। ছবিটি প্রযোজনা করবে জাজ মাল্টিমিডিয়া। এ ব্যাপারে অমিতাভ রেজা চৌধুরী বলেন, ‘“রিকশা গার্ল” ছবির কাজের পর “পুনরুজ্জীবন” ছবির কাজ করব। জাজ মাল্টিমিডিয়া বলেছে, এই ছবির সঙ্গে তারা থাকতে চায়। আমিও মৌখিকভাবে রাজি হয়েছি। “রিকশা গার্ল” ছবির কাজ শেষ হওয়ার পর চিত্রনাট্যসহ অন্যান্য কাজ শুরু করব। এটা অবশ্য অল্প বাজেটের একটা ছবি। কে কে অভিনয় করবেন, তা পরে ঠিক করব।’

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...