Current date Sep 16, 2026
বাংলাদেশ

নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে ৫ লাখ টাকা করে দেওয়ার নির্দেশ

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের নিহত দুই শিক্ষার্থী আবদুল করিম ওরফে রাজীব ও দিয়া খানম ওরফে মীমের পরিবারকে সাতদিনের মধ্যে ৫ লাখ করে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে জাবালে নুর পরিবহন কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে দুই পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দুই কোটি টাকা করে দিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়েও রুল জারি করা হয়েছে।

জনস্বার্থে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএকে এ ব্যাপারে তদারকি করে আগামী ১২ আগস্ট আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আদালতে রিটকারি সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ফরিদা ইয়াসমিন ও মো. মিজানুর রহমান।

এর আগে বিমানবন্দর সড়কে বাসচাপায় আহতদের যথাযথ চিকিৎসা হচ্ছে কি না, সে বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের খোঁজ নিতে বলেন হাইকোর্ট। বাসচাপায় হতাহতদের বিষয় আদালতের নজরে আনলে মৌখিকভাবে আদালত এই আদেশ দেন।

বেঞ্চে রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী অ্যাটর্নি জেনারেল ফরিদা ইয়াসমিনকে আহতদের বিষয়ে খোঁজ নিয়ে আদালতকে অবহিত করতে বলেন।

শুনানির শুরুতে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আদালতকে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত ও আহত হওয়ার ঘটনা তুলে ধরেন এবং বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আদালতে দাখিল করেন।

আদেশের পর রিটকারী ব্যারিস্টার কাজল সাংবাদিকদের জানান, শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে রিট আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে দুই শিক্ষার্থীর পরিবারের জন্য দুই কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। একই সঙ্গে এ ধরনের দুর্ঘটনার কারণ ও প্রতিকারের বিষয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ‘অ্যাকসিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট’কে তদন্ত করে আগামী দুই মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। এছাড়াও কোন যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাক-বাস চালকদের স্বীকৃতি বা সনদ দেয়া হয় সেটিও জানতে চেয়েছেন আদালত।

এর আগে রোববার দুপুর সাড়ে ১২টার দিকে কুর্মিটোলা মেডিকেল কলেজের সামনে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ফ্লাইওভারের শেষ প্রান্তে দুই বাসচালকের রেষারেষিতে প্রাণ হারায় দুই কলেজছাত্র। আরও কয়েকজন আহত হয়। তাদের পাশের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত দুজন হলো শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী দিয়া খানম মীম ও দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম।

এ ঘটনার প্রতিবাদে সোমবার নৌপরিবহণমন্ত্রী শাহজাহান খানের পদত্যাগসহ ৯ দফা দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

 

Share URL copied
Lead Newsরাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী কে হবেন তা চূড়ান্ত করার দায়িত্ব দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বিএনপির...

বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...