Current date Jul 23, 2026
বিশ্ব

স্বজনপ্রীতির দায়ে জাপানে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি অর্ধেক ভোটারের

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : নিজের স্ত্রীর ঘনিষ্ঠ এক ব্যক্তিকে রাষ্ট্রীয় মালিকানাধীন জমি কম দামে কেনার সুযোগ করে দেওয়ার পাশাপাশি ঘটনাটি আড়ালের চেষ্টা সংক্রান্ত কেলেঙ্কারির দায় নিয়ে প্রধানমন্ত্রী শিনজো আবের পদত্যাগ করা উচিত বলে মনে করেন প্রায় অর্ধেক জাপানি ভোটার।

সোমবার প্রকাশিত স্থানীয় এক টেলিভিশনের জরিপের ফলাফলে এ ঘটনায় আবের জনসমর্থন অনেকখানি কমার ইঙ্গিত দেখা গেছে।

আবের স্ত্রী আকির ঘনিষ্ঠ জাতীয়তাবাদী এক স্কুল পরিচালককে বিশাল ছাড়ে রাষ্ট্রীয় মালিকানাধীন জমি বিক্রির ঘটনা জানাজানি হওয়ার পর আবে ও তার প্রশাসনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠে।

একে ২০১২ সালে ফের ক্ষমতায় আসা আবের জন্য সবচেয়ে বড় রাজনৈতিক সঙ্কট হিসেবেই দেখছেন পর্যবেক্ষকরা। অভিযোগের দায় নিয়ে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে প্রায় প্রতি রাতেই সরব হচ্ছেন আন্দোলনকারীরাও।

জমি বিক্রির ঘটনায় নিজের এবং স্ত্রীর হস্তক্ষেপ কিংবা চুক্তির নথি বদলানোয় সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছেন আবে। নথিতে আবে ও আকির নাম থাকলেও পরে সেগুলো মুছে ফেলা হয় বলে অভিযোগ সমালোচকদের।

উদারপন্থি টেলিভিশন আসাহির চালানোর এক জনমত জরিপে ৪৮ শতাংশ ভোটার বলেছেন, কেলেঙ্কারির দায় নিয়ে আবে ও তার সরকারের পদত্যাগ করা উচিত।

সোমবার প্রকাশিত এ জরিপের ফলাফলে ৩৯ শতাংশ অংশগ্রহণকারীকে আবে সরকারের পক্ষে থাকতে দেখা গেছে।

একমাসের মধ্যে আবের জনসমর্থন ১১ দশমিক ৭ শতাংশ কমে ৩২ দশমিক ৬ শতাংশে এসে দাঁড়িয়েছে বলেও জরিপে দেখা গেছে। সরকারবিরোধীদের সমর্থন ১৩ দশমিক ২ শতাংশ বেড়ে হয়েছে ৫৪ দশমিক ৯ শতাংশ।

আবে সমর্থকদের সংখ্যাগরিষ্ঠ অংশ বলেছেন, ‘অন্যদের চেয়ে ভালো মনে হওয়ায়’ তারা এখনো বর্তমান সরকারের পক্ষে। জাপানের রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার সংকট এবং কয়েক বছরে একাধিক সরকারের উত্থান-পতনের স্মৃতি ভোটারদের মনে টাটকা থাকায় আবের ক্ষমতায় থাকার পথ দীর্ঘ হচ্ছে বলে ধারণা পর্যবেক্ষকদের।

আসাহি টেলিভিশনের জরিপে এক হাজার ৬০৬ জাপানি নাগরিকের মধ্যে ৬৬ দশমিক ৭ শতাংশই সাড়া দিয়েছেন; জরিপে ‘মার্জিন অব এরর’ বা ত্রুটির পরিমাণ উল্লেখ করা হয়নি বলেও জানিয়েছে রয়টার্স।

সোমবার পার্লামেন্টারি কমিটির এক প্রশ্নের জবাবে আবে সরকারপ্রধান হিসেবে তার প্রশাসনের ওপর ভোটারদের আস্থা কমে যাওয়ার দায় নিলেও জমি বিক্রির সঙ্গে তার ও স্ত্রী আকির সরাসরি জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) রাজধানীর...

Lead Newsশিক্ষা

নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, শূন্যপদ সাড়ে ৬৯ হাজার

নিজস্ব প্রতিবেদক দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নবম বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তি প্রকাশ,...

Lead Newsবিশ্ব

চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক ডেস্ক আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলতি সপ্তাহেই এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার পাকিস্তানেই এ বৈঠকের আয়োজন করা...