Current date Sep 6, 2026
Lead Newsশিক্ষা

তৃতীয় দিনের মতো শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের অবস্থান

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

দশম গ্রেডসহ তিন দফা দাবি আদায়ে টানা তৃতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। একই সঙ্গে সারাদেশের সব বিদ্যালয়ে কর্মবিরতি চলছে। দাবি মেনে না নেওয়া পর্যন্ত তাদের এ কর্মসূচি চলবে। প্রয়োজনে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে সব শিক্ষক ঢাকা চলে আসবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষক নেতারা।

সোমবার (১০ নভেম্বর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার ঘুরে দেখা যায়, শিক্ষকরা পুরো শহীদ মিনার চত্বরে ছড়িয়ে-ছিটিয়ে অবস্থান করছেন। রোদ থেকে বাঁচতে অনেকে গাছের ছায়ায় মাদুর বিছিয়ে শুয়ে-বসে আছেন। শিক্ষক নেতারা শহীদ মিনারের বেদিতে অবস্থান নিয়ে বক্তব্য দিচ্ছেন। মাঝে মাঝে মাইকে ভেসে আসছে দেশাত্মবোধক ও দাবি আদায়ের কথা-সংবলিত বিভিন্ন গান-কবিতা।

‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’র ব্যানারে প্রাথমিক শিক্ষকদের চারটি সংগঠন একসঙ্গে এ কর্মসূচি পরিচালনা করছেন। পরিষদের অন্যতম নেতা মু. মাহবুবর রহমান জাগো নিউজকে বলেন, ‘দাবি পূরণ না হওয়া পর্যন্ত শিক্ষকরা এবার বিদ্যালয়ে ফিরবে না। দশম গ্রেড আমাদের মর্যাদার প্রশ্ন। প্রাথমিক শিক্ষকরা এ মর্যাদার হকদার। তাদের প্রাপ্য তাদের বুঝিয়ে দিলে শিক্ষকরা ক্লাসে ফিরবেন।’

এদিকে, আজ (সোমবার) বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে একটি বৈঠক ডাকা হয়েছে। সেখানে গণশিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা থাকবেন। এ বৈঠকে শিক্ষকদের পক্ষ থেকেও একটি প্রতিনিধিদল থাকবে। সেখানে দাবি-দাওয়া নিয়ে আলোচনার পর সিদ্ধান্ত হতে পারে।

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের অন্যতম নেতা আবুল কাশেম বলেন, ‘দুই মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের বৈঠক হবে। সেখানে আমরা কেন দশম গ্রেড চেয়েছি, সেই যুক্তি তুলে ধরবো। যদি মন্ত্রণালয় দাবি মেনে নেয়, তাহলে আমরা ক্লাসে ফিরে যাবো। অন্যথায় আন্দোলন চালিয়ে যাবো।’

কর্মবিরতি চলছে, আজও ক্লাস বন্ধ
রোববার রাত সাড়ে ১০টার দিকে কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেওয়ার পর মধ্যরাতে সিদ্ধান্ত বদল করেন আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজ সোমবারও সারাদেশের সব প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি চলছে। এতে সাড়ে ৬৫ হাজারেরও বেশি বিদ্যালয়ে ক্লাস বন্ধ রয়েছে।

রাজধানীর কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, শিক্ষার্থীরা বিদ্যালয়ে এলেও ক্লাস হয়নি। ফলে দুপুর পর্যন্ত শিক্ষার্থীরা খেলাধুলা করে বাড়ি ফিরে গেছেন।

কতদিন কর্মবিরতি চলবে এমন প্রশ্নের জবাবে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের নেতা মু. মাহবুবর রহমান জাগো নিউজকে বলেন, কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি দুইটাই চলছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা সোমবার সকালে বলেন, ‘আমরা সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড দেওয়ার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছি। সেটা বিবেচনাধীন। তবে সহকারী শিক্ষকরা এখন দশম গ্রেড চাইছেন। সেটা কতটা বাস্তবসম্মত; সরকারের পক্ষে তা বাস্তবায়ন সম্ভব কি না, তা নিয়ে সরাসরি অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা শিক্ষকদের জানাবেন।’

শিক্ষকরা ফের কর্মবিরতির ডাক দিয়েছেন, এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা প্রতিশ্রুতি দিয়ে গেছেন কর্মবিরতি স্থগিত রাখবেন। এখন যদি কথা দিয়ে কথা না রাখেন, তাহলে সেটা দুঃখজনক। আশা করি, শিক্ষকরা কর্মবিরতি স্থগিত রেখে আলোচনা চালিয়ে যাবেন। আমরাতো দ্রুত সাড়া দিয়েছি, আলোচনার পথ খোলা রেখেছি। তাহলে কর্মবিরতি কেন?’

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...