Current date Oct 23, 2026
স্বাস্থ্য

অধিক ওজন থেকে ঝুঁকি

URL copied
Share URL copied

স্বাস্থ্য ডেস্ক : শরীর যাঁদের মোটা, ওজন যাঁদের বেশি, তাঁদের ক্ষেত্রে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, স্ট্রোক, হার্ট অ্যাটাক বা হৃদরোগ, স্তন ক্যান্সার, মলাশয়ের ক্যান্সার, আর্থ্রাইটিস বা বাতের সমস্যা, পিত্তপাথর, ইত্যাদি অসুখ হবার সম্ভাবনা বেশি। নিচের কয়েকটি বিষয় পরিমাপ করে শরীর কেমন মোটা তা জানার পাশাপাশি অসুখ হবার ঝুঁকি সম্পর্কেও ধারণা করা যাবে।

‘বিএমআই’ পরিমাপ করা:

শরীর কেমন মোটা, তা দেখার ভাল উপায় ‘বিএমআই’ মেপে দেখা। শরীরের ওজন আর উচ্চতার অনুপাতকে বলে ‘বিএমআই’। শরীরের ওজন যত কেজি সেই সংখ্যাকে, উচ্চতা যত মিটার, তার বর্গ দিয়ে ভাগ করতে হয়। সেই ভাগফলকে বলে ‘বিএমআই’। ধরা যাক, কোন ব্যক্তির ওজন ৬২ কেজি এবং উচ্চতা ১৬৪ সেন্টিমিটার (অর্থাৎ ১.৬৪ মিটার)। তাহলে তার ‘বিএমআই’ হবে, ৬২ কেজি ভাগ (১.৬৪ গুণ ১.৬৪) মিটার= ২৩.০৫ কেজি/মিটার২। সংক্ষেপে, ২৩.০৫। ‘বিএমআই’ ১৮.৫ এর নিচে হলে শরীরটা শুকনা পাতলা। ১৮.৫ থেকে ২৪.৯ এর মধ্যে হলে ভাল; শরীরটা মোটা নয়, স্বাভাবিক। ‘বিএমআই’ ২৫ এর উপরে হলে বুঝতে হবে শরীরটা মোটা। আর ৩০ এর উপরে হলে, অতিশয় মোটা। এ দু’ক্ষেত্রেই অসুখ হবার ঝুঁকি বেশি।

কোমরের বেড় পরিমাপ করা:

‘বিএমআই’ মেপে অনেক সময় শরীরের চর্বির সঠিক পরিমাপ হয় না। সমান উচ্চতার একজন ক্রীড়াবিদ এবং শারীরিক পরিশ্রম না করে দিন কাটানো একজন মানুষের ‘বিএমআই’ সমান হলেও দু’জনের শরীরের চর্বির পরিমাণ সমান নয়। শারীরিক পরিশ্রম না করে দিন কাটানো মানুষের শরীরে চর্বির পরিমাণ বেশি। এবং সেটাই উদ্বেগের কারণ। এক্ষেত্রে কোমরের বেড় মেপে শরীরের চর্বির পরিমাণ সম্পর্কে আন্দাজ করা যায়। কোমরের মাপ নিতে হবে মোটামুটি নাভি বরাবর। কোমরের কাপড় সরিয়ে মাপের ফিতাটাকে ত্বকের সঙ্গে হালকা করে লাগিয়ে মেপে নিতে হবে কোমরের বেড়। পুরুষের ক্ষেত্রে কোমরের মাপ ৯০ সেন্টিমিটারের কম এবং মহিলার ক্ষেত্রে ৮০ সেন্টিমিটার এর কম হলেই ভাল। বেশি হলে অসুখ হবার ঝুঁকি বেশি।

কোমর/ নিতম্ব অনুপাত পরিমাপ করা:

পেটে বা কোমরে যদি বেশি চর্বি জমে, তবে পেটটা হয়ে যায় আপেলের আকৃতির। এটা ভাল নয়। চর্বি যদি জমে নিতম্বে, তবে পেট-নিতম্ব হয় পেয়ারার আকৃতির। এটা অপেক্ষাকৃত ভাল। তবে কোমর আর নিতম্বের মাপের অনুপাত যত বেশি, অসুখ হবার ঝুঁকি তত বেশি। কোমরের মাপ মোটামুটি নাভি বরাবর। নিতম্বের মাপ নিতে হবে আরো নিচে, নিতম্বের পেছনের উঁচু অংশ বরাবর। তারপর কোমরের মাপকে নিতম্বের মাপ দিয়ে ভাগ করলেই পাওয়া যাবে কোমর/ নিতম্ব অনুপাত। আপেলাকৃতি কোমরের ক্ষেত্রে কোমর/ নিতম্ব অনুপাত বেশি হয়। পুরুষের ক্ষেত্রে কোমর/ নিতম্ব অনুপাত ০.৯ আর মহিলার ক্ষেত্রে ০.৮ এর বেশি হলে অসুখ হবার ঝুঁকি বেশি।

বেশি বিএমআই বা বেশি কোমরের বেড় বা বেশি কোমর/নিতম্ব অনুপাত- সকল ক্ষেত্রেই অসুখের ঝুঁকি বেশি। সকল ক্ষেত্রেই কম ক্যালরির খাবার গ্রহণ করা আর নিয়মিত ব্যায়াম বা শারীরিক পরিশ্রম করা খুবই জরুরি। তাতে শরীরের চর্বি কমবে, ওজন কমবে। বিএমআই, কোমরের বেড় বা কোমর/ নিতম্ব অনুপাত- সবই থাকবে সঠিক। কমবে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, স্ট্রোক, হৃদরোগ, স্তন ক্যান্সার, মলাশয়ের ক্যান্সার, আর্থ্রাইটিস, পিত্তপাথর, ইত্যাদি রোগের ঝুঁকি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকার বিব্রত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ৩১ আগস্ট ২০২৬ ভিত্তিক ‘ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত...

Lead Newsঅর্থনীতি

রূপালীক্যাশের ডিস্ট্রিবিউশন ও মার্চেন্ট অ্যাকোয়ারিং কার্যক্রমে যুক্ত হলো আকিজ অনলাইন

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) ‘রূপালীক্যাশ’-এর কার্যক্রম সম্প্রসারণ ও দেশের সর্বস্তরের জনগণের কাছে ডিজিটাল...