Current date Jul 23, 2026
Lead Newsঅর্থনীতি

বিনিয়োগ বাড়াতে ঋণের সুদ এক অঙ্কে আনা হবে: বাণিজ্যমন্ত্রী

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করতে ব্যাংক ঋণের সুদহার এক অঙ্কে নামিয়ে আনা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) বস্ত্র ও পোশাক খাতের চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রদর্শনী যৌথভাবে আয়োজন করে নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) এবং ইনফোচেইন ডিজিটাল টেকনোলজি কোম্পানি লিমিটেড।
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, ১৩-১৪ শতাংশ সুদে অর্থায়ন নিয়ে টেক্সটাইলের মতো শ্রমঘন ও স্বল্প মুনাফার শিল্পের টিকে থাকা অসম্ভব।

এই উচ্চ সুদ হয়তো উচ্চ প্রযুক্তিনির্ভর বা পুঁজিঘন শিল্পের জন্য সহনীয় হতে পারে, কিন্তু পোশাক খাতের জন্য নয়। তাই শিল্পের স্বার্থেই সুদের হার কমানো হবে।
তৈরি পোশাক শিল্পের প্রধান চ্যালেঞ্জ হিসেবে জ্বালানি সংকটের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, বর্তমানে দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৪ হাজার ৩০০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি)। এর বিপরীতে দেশীয় উৎপাদন ও আমদানিকৃত এলএনজি মিলিয়ে ঘাটতি থাকছে প্রায় ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৭০০ এমএমসিএফডির মতো।

সরকার এলএনজি আমদানি বাড়াতে আগ্রহী হলেও অবকাঠামোগত সীমাবদ্ধতা রয়েছে জানিয়ে তিনি বলেন, সরবরাহ বাড়াতে শিগগিরই নতুন ভাসমান টার্মিনাল বা এফএসআরইউ স্থাপনের দরপত্র আহ্বান করা হবে। পাশাপাশি দ্রুততম সময়ে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে, যেখানে বেসরকারি খাতকে সরকার নীতিগত ও লজিস্টিক সহায়তা দেবে।

নতুন ব্যবসা শুরুর জটিলতা দূর করার আশ্বাস দিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বর্তমানে একটি নতুন ব্যবসা শুরু করতে ২৫-২৬টি লাইসেন্স নিতে দীর্ঘ সময় লাগে, যা বিদেশি বিনিয়োগকারীদেরও নিরুৎসাহিত করে। আমরা এমন ব্যবস্থা চালুর কাজ করছি, যেখানে আবেদনের সঙ্গে সঙ্গেই প্রভিশনাল (সাময়িক) অনুমোদন দেওয়া হবে, যাতে উদ্যোক্তারা দ্রুত কার্যক্রম শুরু করতে পারেন।

এছাড়া বন্ড ও কর-সংক্রান্ত প্রক্রিয়াও সহজ করার উদ্যোগ চলছে জানিয়ে মন্ত্রী বলেন, করের হার না বাড়িয়ে করের আওতা সম্প্রসারণে জোর দেওয়া হবে। ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে কর প্রক্রিয়া সম্পন্ন করা হবে, যাতে করদাতা ও কর্মকর্তাদের সরাসরি যোগাযোগ কমে আসে এবং হয়রানি কমে আসে।

এবারের প্রদর্শনীতে বাংলাদেশ, কানাডা, চীন, জাপান, ভারত, তুরস্ক, ফ্রান্স, ভিয়েতনামসহ ২৮টি দেশের ৯০০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। আইসিসিবির প্রায় ২০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে ১ হাজার ২০০টি বুথে টেক্সটাইল ও গার্মেন্টস খাতের অত্যাধুনিক যন্ত্রপাতি, ডাই ও কেমিক্যালস, নিটিং প্রযুক্তি, এমব্রয়ডারি ও সেলাই যন্ত্র, ওয়াশিং এবং ড্রাই ক্লিনিং প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে।

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রদর্শনীর আহ্বায়ক ফজলে শামীম এহসান, ইনফোচেইনের নির্বাহী পরিচালক স্পেনসার লিনসহ উদ্যোক্তানেতারা বক্তব্য দেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) রাজধানীর...

Lead Newsশিক্ষা

নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, শূন্যপদ সাড়ে ৬৯ হাজার

নিজস্ব প্রতিবেদক দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নবম বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তি প্রকাশ,...

Lead Newsবিশ্ব

চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক ডেস্ক আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলতি সপ্তাহেই এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার পাকিস্তানেই এ বৈঠকের আয়োজন করা...