আরেফিন মুক্তা : মুকসুদপুর প্রতিনিধি (গোপালগঞ্জ) :

আজ ১ মে ২০২৬, শুক্রবার। বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মহান মে দিবস। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে দিনটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ঐতিহাসিক সংগ্রামের প্রতীক হিসেবে পালিত হয়।
১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকরা দৈনিক ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে আন্দোলনে নামেন। সে সময় পুলিশের গুলিতে বহু শ্রমিক নিহত হন। তাদের আত্মত্যাগের স্মরণে প্রতিবছর ১ মে বিশ্বজুড়ে মে দিবস পালিত হয়ে আসছে।
এ বছর বাংলাদেশে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস একসঙ্গে পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য— “সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত”। দিবসটি উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আবদুল ছালাম খান, সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম রাজু, মুকসুদপুর থানার ওসি (তদন্ত) মো. মতিউর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রাকিবুল হাসান শুভ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার, পৌর বিএনপির সভাপতি মো. আবুল বাসার (টুলটু) বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. মসিউর রহমান মিন্টু, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া, সাংগঠনিক সম্পাদক আবদুল কাইয়ুম শরীফ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব, পৌর যুবদলের আহ্বায়ক সাইফুজ্জামান লিটনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, ন্যায্য মজুরি নিশ্চিত করা, শ্রম আইন বাস্তবায়ন, কারখানায় নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি এবং শ্রমিক-মালিক বৈষম্য দূর করা এখন সময়ের দাবি। “নতুন বাংলাদেশ” গড়ার লক্ষ্যে শ্রমিকদের অধিকার নিশ্চিত করার ওপর জোর দেন তারা।
মে দিবস উপলক্ষে শ্রমিক অধিকার প্রতিষ্ঠার ১৪০ বছর পূর্তি উদযাপিত হচ্ছে। তবে বাস্তবতায় এখনও অনেক শ্রমিক নিম্ন মজুরি, অনিরাপদ কর্মপরিবেশ, অতিরিক্ত কর্মঘণ্টা এবং সামাজিক সুরক্ষার অভাবে ভুগছেন। বিশেষ করে গার্মেন্টস, নির্মাণ, কৃষি ও অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকরা নানা চ্যালেঞ্জের মুখে রয়েছেন। শ্রমিক-মালিকের পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


