Current date Oct 23, 2026
Lead Newsখেলা

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক

১৮৩। লক্ষ্যটা বড় মনে হলেও তা বেশ স্বাচ্ছন্দ্যেই করে দেখাল বাংলাদেশ। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দুই ওভার হাতে রেখেই ৬ উইকেটের দারুণ জয় তুলে নিল টাইগাররা।

এই জয়ের মাধ্যমে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ রান তাড়া করে জেতার কীর্তি গড়েছে বাংলাদেশ। এর আগে কিউইদের বিপক্ষে সর্বোচ্চ ১৩৫ রান তাড়া করে জেতার নজির ছিল টাইগারদের।

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সোমবার (২৭ এপ্রিল) চট্টগ্রামে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও নিউজিল্যান্ড। যেখানে টস হেরে শুরুতে ব্যাট হাতে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে দলীয় ১৮২ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।

চট্টগ্রামের ব্যাটিংবান্ধব পিচে এই টার্গেট কাঙ্ক্ষিতই ছিল। যদিও নিউজিল্যান্ডের উড়ন্ত সূচনা দেখে মনে হচ্ছিল তাদের দলীয় রানটা দুইশ ছুঁয়ে ফেলবে। পাওয়ার প্লেতে মাত্র এক উইকেট হারিয়ে ৬১ রান করার পর ১০ ওভার শেষ হওয়ার আগেই দলীয় একশ রান ছুঁয়ে ফেলে সফরকারীরা।

উইকেট হারালেও রানের গতি সচল রাখে নিউজিল্যান্ড। ব্যক্তিগত হাফ সেঞ্চুরির দেখা পান ওপেনার কাটেনে ক্লার্ক ও ডেন ক্লেভার। এছাড়াও অধিনায়ক নিক কেলি ও জশ ক্লার্কসন দায়িত্বশীল ইনিংস খেলেন।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট শিকার করেছেন রিশাদ হোসেন। এছাড়া শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মাহেদি হাসান ১টি করে উইকেট তুলে নিয়েছেন।

লক্ষ্য তাড়ায় ব্যাট হাতে ভালো সূচনা করে বাংলাদেশও। দুই টাইগার ওপেনার শুরু থেকেই আগ্রাসী মনোভাব দেখান, পাওয়ার প্লেতে ৪৪ রান জমা করে টাইগাররা, তবে ষষ্ঠ ওভারের তৃতীয় বলে ন্যাথান স্মিথের শিকার হয়ে সাজঘরে ফিরেন সাইফ হাসান। ১৬ বলে ১৭ রানে এসেছে সাইফের ব্যাট থেকে।

আরেক ওপেনার তানজিদ হাসানকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখার চেষ্টায় ছিলেন অধিনায়ক লিটন দাস। তবে নবম ওভারের পঞ্চম বলটি ইশ সোধি ছোঁড়েন মিডল স্টাম্প বরাবর। বলটি পুল শট করতে চেয়েছিলেন লিটন, কিন্তু বল ব্যাটে না লাগায় সরাসরি মিডল স্টাম্প আঘাত করে। ১৫ বলে ২১ রান করেই সাজঘরের পথ ধরেন লিটন।

এরপর দলের হাল ধরেন তাওহীদ হৃদয় ও পারভেজ হোসেন ইমনের জুটি। দুইজনের আক্রমণাত্মক ব্যাটিংয়ে টাইগারদের রানের গতি সচল থাকে। মূলত এই জুটির ওপর ভরসা করেই জয়ের আশা দেখতে থাকে বাংলাদেশের সমর্থকেরা।

কিন্তু ১৫তম ওভারের শেষ বলে জশ ক্লার্কসনের শিকার হন ইমন। ১৪ বলে ২৮ রানের ক্যামিও ইনিংস খেলেন এই টাইগার ব্যাটার।

এরপরই শুরু হয় হৃদয় ও শামীম হোসেনের ঝোড়ো ব্যাটিং। কিউই বোলারদের নাস্তানাবুদ করতে থাকেন এই জুটি। হৃদয় তুলে নেন নিজের ফিফটিও, হয়েছেন ম্যাচসেরা। অবশেষে দুই ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা।

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৮২/৬; ক্লেভার ৫১, ক্লার্ক ৫১; রিশাদ ২-৩২, মাহেদি ১-৩১

বাংলাদেশ: ১৮ ওভারে ১৮৩/৪; হৃদয় ৫১, শামীম ৩১; সোধি ২-৪০, ক্লার্কসন ১-২৮

ফল: বাংলাদেশ ৬ উইকেটে জয়ী

Share URL copied
Lead Newsবাংলাদেশ

টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকার বিব্রত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ৩১ আগস্ট ২০২৬ ভিত্তিক ‘ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত...

Lead Newsঅর্থনীতি

রূপালীক্যাশের ডিস্ট্রিবিউশন ও মার্চেন্ট অ্যাকোয়ারিং কার্যক্রমে যুক্ত হলো আকিজ অনলাইন

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) ‘রূপালীক্যাশ’-এর কার্যক্রম সম্প্রসারণ ও দেশের সর্বস্তরের জনগণের কাছে ডিজিটাল...