Current date Oct 23, 2026
বাংলাদেশ

হাতবোমা বিস্ফোরণ আর কয়েকপক্ষের হাতাহাতিতে পণ্ড ছাত্রলীগের সম্মেলন

URL copied
Share URL copied

চট্টগ্রাম প্রতিনিধি : হাতবোমা বিস্ফোরণ আর কয়েকপক্ষের হাতাহাতিতে পণ্ড হয়ে গেছে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সম্মেলন।

মঙ্গলবার বেলা সোয়া ১২টার দিকে চট্টগ্রাম ইঞ্জিনিয়িার্স ইন্সটিটিউট মিলনায়তনে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের উপস্থিতিতে ছাত্রলীগের সম্মেলনে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে আমাদের প্রতিবেদক মিঠুন চৌধুরী জানান, সম্মেলন চলাকালে বেলা সোয়া ১২টার দিকে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সাকিব হোসেন সুইন বক্তব্য দেওয়ার সময় অনুষ্ঠানস্থলের বাঁ পাশে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।

বিকট শব্দে অনুষ্ঠানস্থলে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। এই বিশৃঙ্খলার এক পর্যায়ে ছাত্রলীগের কয়েকটি পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।

এ সময় মিলনায়তনে উপস্থিত নেতাকর্মীরা আতঙ্কিত হয়ে পড়েন। হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টায় কয়েকজন পড়ে গিয়ে আহত হন।

ইঞ্জিনিয়ার মোশাররফ ছাড়াও রাউজানের সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী, রাঙ্গুনিয়ার সাংসদ হাছান মাহমুদ, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ সালাম, ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ জ্যেষ্ঠ নেতারা এ সময় অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন।

ধাওয়া পাল্টা ধাওয়ার পর ছাত্রলীগ নেতৃবৃন্দ ও ইঞ্জিনিয়ার মোশাররফ বারবার অনুষ্ঠানে শৃঙ্খলা ফেরানোর আহ্বান জানালেও কেউ কারও কথা শোনেনি।

এক পর্যায়ে গণপূর্তমন্ত্রী মাইকে দাঁড়িয়ে বলেন, “যারা এ হামলা করেছে তারা বহিরাগত। এরা সংগঠনের কেউ নয়।”

তিনি হামলাকারীদের গ্রেপ্তার করতে পুলিশকে নির্দেশ দেন। আহত ও আঘাতপ্রাপ্ত পাঁচজনকে পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেলে।

ককটেল বিস্ফোরণের পরপর বাইরে থেকে ছাত্রলীগের বিভিন্ন এলাকার ছেলেদের মিছিল নিয়ে দলে দলে সম্মেলনস্থলে প্রবেশ করতে দেখা যায়।

উদ্ভূত পরিস্থিতিতে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট এলাকায় পুলিশ ও র্যাবের উপস্থিত বাড়ানো হয়।
বেলা ১টা পর্যন্ত সম্মেলনের কাজ শুরু করা না গেলে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনসহ অতিথিরা সম্মেলনস্থল ত্যাগ করেন।

অতিথিরা চলে যাওয়ার পর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটের আশপাশের সড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয় ছাত্রলীগ কর্মীরা।

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তৈয়ব বলেন, “জামায়াত-শিবিরের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার সময় আগুন সন্ত্রাসীরা বহিরাগত হিসেবে এসে হামলা করেছে।”

সম্মেলনের প্রথম অধিবেশন মুলতবি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, বিকালে নেতৃত্ব নির্বাচনের জন্য দ্বিতীয় অধিবেশন তারা করবেন।

এর আগে সোমবার বিকালে নগরীর লালদীঘির মাঠে মহিউদ্দিন চৌধুরীর শোকসভায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের কয়েকটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকার বিব্রত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ৩১ আগস্ট ২০২৬ ভিত্তিক ‘ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত...

Lead Newsঅর্থনীতি

রূপালীক্যাশের ডিস্ট্রিবিউশন ও মার্চেন্ট অ্যাকোয়ারিং কার্যক্রমে যুক্ত হলো আকিজ অনলাইন

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) ‘রূপালীক্যাশ’-এর কার্যক্রম সম্প্রসারণ ও দেশের সর্বস্তরের জনগণের কাছে ডিজিটাল...